অদূর ভবিষ্যতে আমাদের খুব খারাপ জলবায়ুর জন্য তৈরি থাকতে হবে

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০০:১৭

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেছেন, অদূর ভবিষ্যতে তার দেশকে বিরূপ জলবায়ুর জন্য প্রস্তুত থাকতে হবে। তবে উদ্বিগ্ন না হয়ে কীভাবে সুষ্ঠুভাবে এটি মোকাবিলা করা যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে সপ্তাহব্যাপী বৈঠকের পর স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।

তবে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবিলায় সিঙ্গাপুরের প্রস্তুতি ভালো বলে লি আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমরা অনেক দেশের চেয়ে একতাবদ্ধ। আমাদের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং অনেক দেশের চেয়ে আমাদের পর্যাপ্ত সম্পদ আছে। তাই আমাদের দেশবাসীকে এ ব্যাপারে প্রশিক্ষিত করার জন্য পর্যাপ্ত সক্ষমতা আমাদের আছে। তাই আগামীতে জলবায়ু পরিবর্তনজনিত নেতিবাচক পরিস্থিতি মোকাবিলায় বিশ্বে যদি প্রতিযোগিতামূলক অবস্থার উদ্ভব হয়, সেখানেও আমরা সামনের দিকেই থাকব।

সাক্ষাত্কারে সিঙ্গাপুর প্রধানমন্ত্রী আরো বলেন, আগামীতে দেশের নেতৃত্বে যিনিই আসুন না কেন, তাকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। জলবায়ু পরিবর্তন এবং তার মোকাবিলার প্রস্তুতি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া বলে তিনি উল্লেখ করেন।

মানুষের জীবনযাত্রা সম্পর্কে তিনি বলেন, গত ১০ বছরের সিঙ্গাপুরের মানুষের মাথাপিছু আয় অনেক বৃদ্ধি পেয়েছে। তারা এখন অনেক সুন্দর জীবনযাপন করছে। কর্মস্থলে আগের চেয়ে অনেক সুযোগ সুবিধা ভোগ করছেন। তবে প্রধানমন্ত্রী এটা স্বীকার করেন তার দেশে জীবনযাত্রার ব্যয়ও লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে। বিষয়টি দেশবাসীর কাছে সহনীয় করতে সরকারিভাবে যাতায়াত, স্বাস্থ্য, আবাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির চেষ্টা চলছে বলে তিনি জানান। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধে তার দেশ ক্ষতিগ্রস্ত হবে না বলেও তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।