জবিতে ছাত্রদল-ছাত্রলীগ ধাওয়া-পালটা ধাওয়া আহত ১৫

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০০:১৭

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নামফলক পুনঃস্থাপন ও ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কাঁঠালতলা চত্বর থেকে মিছিল বের করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলের শেষ দিকে ছাত্রলীগ কর্মীরা পেছন থেকে ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ছাত্রদলের চার কর্মী মারধরের শিকার হন। গুরুতর আহত হন আবদুর রশিদ, জিতু, পলাশ ও রুবেল। এদের মধ্যে অর্থনীতি বিভাগের আবদুর রশিদকে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার পর জবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক বলেন, ছাত্রলীগের হামলার তীব্র প্রতিবাদ জানাই। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। শাখা ছাত্রলীগের আহ্বায়ক (সম্মেলন প্রস্তুত কমিটি) আশরাফুল আলম টিটন বলেন, ক্যাম্পাসে বুড়ো ও অছাত্রদের কোনো স্থান হবে না। দলীয় কার্যক্রমের নাম দিয়ে কেউ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আমরা বসে থাকব না। তবে যাদের ছাত্রত্ব আছে তারা ক্যাম্পাসে আসুক, এতে আমাদের কোনো বাধা থাকবে না।

প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ছাত্রলীগের হামলায় একজন গুরুতর আহত হয়। তার নিরাপত্তার কথা ভেবে আমরা প্রথমে তাকে প্রক্টর অফিসে নিয়ে আসি। পরবর্তী সময়ে তাকে পুলিশের সহযোগিতায় মিটফোর্ড হাসাপাতালে পাঠাই।