স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। আইনশৃঙ্খল বাহিনী মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। যারা মাদকের সাথে জড়িত তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। তিনি আরো বলেন, জঙ্গি সন্ত্রাসের উত্থান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছিল। কোনো মাদ্রাসায় এই জঙ্গি সন্ত্রাসের বীজ বপন করতে পারেনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার দোহার উপজেলার সরকারি পদ্মা কলেজের বার্ষিক ক্রীড়া ও একাডেমিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কি চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি চান, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ। সেই বাংলাদেশ যার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, যে বাংলাদেশ আমরা হূদয়ে ধারণ করেছি। ভবিষ্যত্ প্রজন্মের জন্য আমরা সম্ভবনাময়ী বাংলাদেশ দিয়ে যেতে চাই।
অনুষ্ঠান উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান। সম্মানিত অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা.এ.আর খান।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ডা. আব্দুর রহমান পাখি, এ কে এম আজিজুর রহামন (বাবুল), এম এ রহিম, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান খান ও ইঞ্জি. আফসারুজ্জামান খান, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেন প্রমুখ।
