ব্রেক্সিট পরিকল্পনা দূরত্ব কমানোর প্রকৃত প্রচেষ্টা :বরিস জনসন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০০:১৮

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দূরত্ব কমিয়ে নতুন চুক্তি করতে তার ব্রেক্সিট পরিকল্পনা একটি ‘প্রকৃত প্রচেষ্টা’। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে এমপিদের তিনি এ কথা বলেন। এর আগে বুধবার নতুন ব্রেক্সিট পরিকল্পনা প্রকাশ করেন জনসন। নতুন পরিকল্পনা অনুযায়ী উত্তর আয়ারল্যান্ড পণ্যের জন্য ইউরোপের একক বাজারে থাকবে। তবে কেন্দ্রীয় শুল্ক ছেড়ে দেবে। উত্তর আয়ারল্যান্ডের আইন পরিষদে প্রথমে এই প্রস্তাবটি পাশ হতে হবে আর তা বজায় থাকবে কি না, তা চার বছর পরপর ভোটের মাধ্যমে নির্ধারণ করতে পারবে। তবে লেবার নেতা জেরেমি করবিন এই পরিকল্পনার সমালোচনা করে বলেছেন, এটি অবাস্তব এবং ধংসাত্মক প্রস্তাব। আইরিস প্রধানমন্ত্রী এই প্রস্তাবকে সমর্থন দিলেও বলেছেন, অনেক ক্ষেত্রে দুর্বলতা রয়েছে।

জনসনের নতুন প্রস্তাবকে স্বাগত জানালেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, এখনো দুই পক্ষের মধ্যে অনেক দূরত্ব থেকে গেছে। আরো কাজ করতে হবে। ইউরোপীয় পার্লামেন্ট বলেছে, ইইউর জন্য গ্রহণযোগ্য একটি চুক্তি করতে জনসনের প্রস্তাব যথেষ্ট নয়।

তবে বরিস জনসন আশা করছেন, এই প্রস্তাব সবাই মেনে নেবেন। আর এই প্রস্তাবে ইইউ আপস না করলে যুক্তরাজ্য অক্টোবরের শেষে চুক্তি ছাড়াই ব্রেক্সিট সম্পন্ন করবে বলে জানিয়েছেন তিনি।