পুলিশের তেজগাঁওয়ের ডিসির ব্যাংক হিসাব তলব

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০০:৩৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনা (ডিসি) আনিসুর রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সম্প্রতি ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে ডিসি আনিসুর রহমান, তার স্ত্রী ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, মেয়ে নাফিস তাহিয়াত ও আনিসা ফাতেমার অ্যাকাউন্টে কী পরিমাণ লেনদেন হয়েছে সে বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আনিসুর রহমানের ব্যাপারে নির্বাচন কমিশনে নালিশ জানালে গত নভেম্বরে তাকে প্রত্যাহার করে নির্বাচন কমিশন। জোটের অভিযোগ ছিল—এই পুলিশ কর্মকর্তার স্ত্রী সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের এমপি (১০ম জাতীয় সংসদে সংসদ সদস্য ছিলেন)। সে কারণে তার পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।

নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহারের পরে তাকে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হিসেবে যোগ দেন। এর আগে যশোর, নোয়াখালী ও শেরপুরের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। যশোরের এসপি থাকা অবস্থায় আনিসুরের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ ছিল। আনিসুর রহমানের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার শংকরপাশায়। ২০তম বিসিএসে পুলিশে যোগ দেন তিনি।