চকরিয়ায় বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৬:৫৩

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত খুঁটি থেকে পড়ে সেকাব (২৭) নামের এক বিদ্যুৎ শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত সেকাব উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৭নংওয়ার্ডের সিকান্দার পাড়া গ্রামের মোঃ ফজল আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান সেকাব বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত খুঁটি থেকে তিনি নিচে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন: কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনা: চালক-সহকারী বরখাস্ত

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তানান্তর করা হয়েছে।

ইত্তেফাক/নূহু