মিতাগের আঘাতে দক্ষিণ কোরিয়ায় নিহত ১০

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৭:২৯

দক্ষিণ কোরিয়ায় টাইফুন মিতাগের আঘাতে অন্তত ১০ জনের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। টাইফুনের প্রভাবে দেশটিতে ভারি বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যাচ্ছে। বুধবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলে টাইফুন আঘাত হানে। এর ফলে দুর্গত এলাকায় তাৎক্ষণিক বন্যা ও ভূমিধ্বসের ঘটনা ঘটে। 

দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, টাইফুনের কারণে এ পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আরও অনেকে নিখোঁজ আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

জাপান আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হানার পর মিতাগ এখন তার শক্তি হারিয়ে এক্সট্রা-ট্রপিকাল সাইক্লোনে পরিণত হয়েছে। কিন্তু জাপান সাগর দিয়ে এখনও শক্তিশালী বায়ু প্রবাহ চলছে। বৃহস্পতিবার সারাদিন ধরে ১২৬ কিলোমিটার প্রতি ঘণ্টায় বায়ু প্রবাহিত হতে পারে। এর ফলে সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা ৬ মিটার পর্যন্ত বাড়তে পারে।

আরও পড়ুন:  রাজশাহীতে কলেজ ছাত্রী লিজা আত্মহনন মামলায় স্বামী গ্রেফতার

দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ঝড়ে এক হাজার বাড়িঘর ভেসে গেছে। দেড় হাজারেরও বেশি বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

উল্লেখ্য, মিতাগ চলতি বছরের ১৮তম টাইফুন এবং কোরীয় উপদ্বীপে আঘাত হানা সপ্তম ঝড়।  

বাসস

ইত্তেফাক/মিশু