বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে বন্ধ গণশৌচাগারটি থেকে দুর্গন্ধ এখন দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের। এটি চালু হওয়ার দুই মাসেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে বলে জানা গেছে।
বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বাগেরহাট পৌরসভায় পাঁচটি গণশৌচাগার নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ হয় ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর। মাত্র দুই মাসের মাথায় বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের গণশৌচাগারটি ব্যবহারের অনুপযুক্ত হওয়ায় সেটি বন্ধ রাখা হয়। রূপসা-বাগেরহাট মহাসড়কের মিনিবাসের চালক দেলোয়ার হোসেন বলেন, কয়েকদিন ধরে দুর্গন্ধে এখানে আসা কষ্টকর হয়ে পড়েছে। একই কথা বলেন, মিনিবাস চালকের সহকারী (হেলপার) মো. সেলিম।
ঢাকাগামী যাত্রী মহিদুল ইসলাম বলেন, পাবলিক টয়লেট থেকে যে বিশ্রি গন্ধ আসছে তাতে দাঁড়ানোর সুযোগ নেই।
বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল বাকি তালুকদার জানান, নির্মাণের কয়েকদিনেই এর সেফটি ট্যাংকি ফেটে নষ্ট হয়ে গেছে।
বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, গণশৌচাগারের বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে।
প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাগেরহাট সদর উপজেলার সহকারী প্রকৌশলী শেখ সরফরাজ আলী জানান, গণশৌচাগার নির্মাণে কোনো অনিয়ম হয়নি। কোনো অসুবিধা দেখা দিলে সমাধান করা হবে।
