জয়পুরহাট-আক্কেলপুর সড়ক দ্রুত সংস্কারের দাবি

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:০৫

জয়পুরহাট প্রতিনিধি

এক বছর আগে শুরু হওয়া জয়পুরহাট-আক্কেলপুর সড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজ শেষ না হওয়ায় তা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। শুক্রবার সকালে সর্বদলীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা শহরের নতুনহাট পয়েন্টে পালন করা হয় মানববন্ধন। ভুক্তভোগীরা জয়পুরহাট-আক্কেলপুর সড়কের সংস্কার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি প্রদানসহ জেলা সড়ক ও জনপদ অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন তারা।

মানববন্ধনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মস্তফা জানান, সড়কের সাব-বেজে বালুর বদলে মাটিমিশ্রিত বালু দেওয়ায় কাদার সৃষ্টি হয়েছে। এই সড়কে সাধারণ মানুষ, বাস-ট্রাক চলাচল করতে পারছে না।