ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ৫০ কোটি ইয়েন বা ৩৭ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান সরকার। এ কর্মসূচির আওতায় শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া গণিত ও বিজ্ঞান শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যন্ত্রপাতিও সরবরাহ করা হবে।
সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মনোয়ার আহমেদ বিনিময় নোট ও অনুদান চুক্তিতে সই করেন। অন্যদিকে জাপানের পক্ষে বিনিময় নোটে সই করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইরোয়াসু ইজুমি। আর অনুদান চুক্তিতে সই করেন জাপান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার (জাইকা) আবাসিক প্রধান হিতুসি হিরাতা। এ সময় জানানো হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পে জাইকার এ অনুদান ব্যয় করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১৮ থেকে ২০২৩ সাল মেয়াদে কর্মসূচিটি বাস্তবায়ন করছে।
