জয়পুরহাট আধুনিক হাসপাতালে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:০৭

জয়পুরহাট প্রতিনিধি

আধুনিক জেলা হাসপাতাল জয়পুরহাটে বৃহস্পতিবার মধ্যরাতে অগ্নিকাণ্ড ঘটে। পরে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আধুনিক জেলা হাসপাতালের চতুর্থ তলায় একটি কক্ষ থেকে আগুনের ধোঁয়া বের হতে শুরু করলে রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক খন্দকার সানাউল হক।

আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল হোসেন বলেন, আগুনের সূত্রপাত কিভাবে বা নাশকতা কি না প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য সিনিয়র কনসালটেন্ট ডা. মফিউর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি জানা যাবে। তবে আগুন লাগা কক্ষটিতে কিছু অব্যবহূত মালামাল ছিল বলে জানান তিনি।