জীবননগরে স্কুল ব্যাগভর্তি ফেনসিডিল

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:০৭

চার তরুণ গ্রেফতার

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

স্কুলে ব্যাগে ভরে ফেনসিডিল পাচারকালে জীবননগর থানা পুলিশ চার তরুণকে গ্রেফতার করেছে। অভিযানকালে চলন্ত বাস থামিয়ে পুলিশ তাদেরকে নামিয়ে আনে। এ সময় তাদের কাঁধের পিছনে ঝুলানো চারটি স্কুলব্যাগ হতে ৬০ বোতল করে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। শুক্রবার জীবননগর-কালীগঞ্জ সড়কের মুন্সী মার্কেটের সামনে থেকে ফেনসিডিল উদ্ধারসহ এ চার জনকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কুল্লা গ্রামের চার তরুণ মিজানুর রহমানের ছেলে সুমন, নূর হোসেনের ছেলে আসমাউল, আব্দুস সালামের ছেলে বকুল ও মফিজুল ইসলামের ছেলে ইমন স্কুলব্যাগে ফেনসিডিল ভরে জিন্নাহনগর-জীবননগর সড়কের বাসে এসে জীবননগর বাসস্ট্যান্ডে নামে। এখান থেকে তারা বাস পরিবর্তন করে জীবননগর-যশোরগামী কেজিএন পরিবহনের একটি বাসে উঠে ঝিনাইদহের কালীগঞ্জের উদ্দেশে রওনা হয়। গোপন খবর পেয়ে জীবননগর থানা সাবইন্সপেক্টর সিরাজুল আলম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাসটি মুন্সী মার্কেটের সামনে থামান। এ সময় বাস হতে চার তরুণ মাদক ব্যবসায়ীকে নামিয়ে তাদের নিকট থাকা স্কুলব্যাগ হতে উপরোক্ত ফেনসিডিল উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করেন।