সদরপুরের পূজামণ্ডপে পুলিশ-আনসার মোতায়েন
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা সদরপুরের ৩৯টি পূজামণ্ডপে শুক্রবার সকাল থেকে পুলিশ-আনসার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পূজামণ্ডপগুলোর আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত, র্যাব-পুলিশের টহল দল সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে হিন্দুদের ছয় দিনব্যাপী প্রধান উত্সব দুর্গাপূজা শুরু হয়।
শিবচরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা শারদীয় দুর্গাপূজায় শিবচর পুলিশ প্রশাসনের পক্ষে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। এ বছর শিবচর থানার অন্তর্গত ৬৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শুক্রবার শিবচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদসহ পুলিশের একটি টিম।
শিক্ষার্থীদের মাঝে ক্যাপ বিতরণ
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা দশমিনায় ২৬০ জন শিক্ষার্থীর মাঝে শুক্রবার ক্যাপ বিতরণ করা হয়। উপজেলার নেহালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু ক্যাপগুলো বিতরণ করেন। এ সময় নেহালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাতবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল কালাম, ওসি এস এম জালালউদ্দিন, বাবু গৌতম রায় প্রমুখ।
তালায় ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তালা উপজেলা শাখার সম্মেলন বৃহস্পতিবার নগরঘাটা অগ্রগতি সংস্থার ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। কমরেড অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য কমরেড অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ। সম্মেলন-পরবর্তী অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে অধ্যাপক সরদার রফিকুল ইসলামকে আবার সভাপতি এবং প্রভাষক হিরণ্ময় মণ্ডলকে আবার সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ চিনিকল স্কুল শিক্ষকদের সম্মেলন
লালপুর (নাটোর) সংবাদদাতা লালপুর উপজেলার গোপালপুরে বাংলাদেশ চিনিকল স্কুল টিচার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল। সম্মেলনে দেশের ১৫টি চিনিকল পরিচালিত স্কুলের শিক্ষক সংকট দূরীকরণ, বেতন বৈষম্য রোধ করা ও স্কুলসমূহ জাতীয়করণসহ ১৫ দফা দাবি জানান শিক্ষকরা।
দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা সামগ্রী
বিতরণ ও ফলদ বৃক্ষ রোপণ
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা চিতলমারীতে দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা সামগ্রী বিতরণ ও ফলদ বৃক্ষ রোপণ করা হয়েছে। শুক্রবার উপজেলার খাসেরহাট সার্বজনীন মাতৃ মন্দিরের পক্ষ থেকে এ শুভেচ্ছা সামগ্রী বিতরণ ও ফলদ বৃক্ষ রোপণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সহযোগিতায় সামগ্রী বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়।
পলাশে ৬৪ পূজামণ্ডপে অনুদান বিতরণ
পলাশ (নরসিংদী) সংবাদদাতা শারদীয় দুর্গাপূজার শুরুর দিনে শুক্রবার নরসিংদী-২ এলাকার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬৪টি পূজামণ্ডপে সরকারি ৮ হাজার টাকা ও সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল হতে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ অনুদান বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে এক সভায় প্রধান অতিথি নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ পূজামণ্ডপের সভাপতিদের হাতে এ অনুদান তুলে দেন।
দুর্গাপূজার বিশেষ আইনশৃঙ্খলা সভা
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে এক বিশেষ আইনশৃঙ্খলা সভা শুক্রবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মাহমুদুজ্জামান।
তালায় ১৮৭ পূজামণ্ডপের অনুকূলে অনুদান
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা উপজেলায় ১৮৭টি মণ্ডপের অনুকূলে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে তালা সরকারি কলেজের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদ্যাপন পরিদের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুত্ফুল্লাহ। অনুষ্ঠান শেষে উপজেলার ১৮৭টি পূজামণ্ডপের অনুকূলে ৫০০ কেজি করে চালের সমমূল্য অনুদান হিসেবে বিতরণ করা হয়।
বন্যার্তদের শুকনো খাবার বিতরণ
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা গোদাগাড়ীতে বন্যাকবলিতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বন্যাকবলিতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে ১০৪টি বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার তুলে দেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
সিপিবির স্বাস্থ্যকেন্দ্র ঘেরাও ও স্মারকলিপি প্রদান
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালী উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার সিপিবি রেলগেট শাখার পক্ষ থেকে মথুরাপুর বাজারে স্বাস্থ্যকেন্দ্র ঘেরাও, পথসভা এবং স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিবি ফরিদপুর জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, সিপিবি মধুখালী উপজেলা সম্পাদক শাহ্ কুতুবুজ্জামান, কৃষক নেতা আ. ওয়াদুদ শেখ প্রমুখ।
