মিরাজের বোলিংয়ে ঘুরে দাঁড়াল ‘এ’ দল

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:১১

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কায় দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনটি মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়েই কেটেছে বাংলাদেশ ‘এ’ দলের। গতকাল হাম্বানটোটায় টসে হেরে ফিল্ডিং করা বাংলাদেশ ‘এ’ দল স্বাগতিকদের ৫ উইকেট তুলে নিয়েছে। গোটা দিনে খেলা হয়েছে ৭৪ ওভার। যেখানে টস জয়ী শ্রীলঙ্কা ‘এ’ দল প্রথম ইনিংসে তুলেছে ২২৩ রান। চারিথ আসালঙ্কা ১৭ ও লাহিরু উদারা ২ রানে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশের বোলারদের জন্য দিনটা খারাপ কাটেনি। কারণ প্রথম চার দিনের ম্যাচে বল হাতে সুবিধা করতে পারেনি বোলাররা। লঙ্কানরা প্রথম ইনিংসে ৪৫০ রানের বড়ো স্কোর গড়েছিল। সেদিক থেকে গতকাল দ্বিতীয় চার দিনের ম্যাচে বেশ নিয়ন্ত্রিত বোলিংই করেছে ‘এ’ দলের বোলাররা। লঙ্কানদের বড়ো স্কোরের সম্ভাবনাকে কিছুটা শ্লথ করে দিয়েছে সফরকারীরা।

গতকাল প্রথম দিনে বল হাতে মেহেদী হাসান মিরাজই সবচেয়ে সফল ছিলেন। ৩১ ওভার বোলিং করা এই অফস্পিনার ৬৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন। অধিনায়ক মুমিনুল হক এদিন ব্যবহার করেছিলেন চার বোলার। নিয়মিত বোলারদের ওপরই ভরসা করেছেন। অনিয়মিত বোলার ব্যবহার করেননি। মিরাজ ছাড়া উইকেটের দেখা পেয়েছিলেন পেস বোলার এবাদত হোসেন। ৫১ রানে ২ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন ১৩ ওভার বোলিং করেও উইকেট শূন্য ছিলেন। উইকেট পান পেসার সালাউদ্দিন শাকিলও।

মাহিন্দা রাজাপাকশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল স্বাগতিকদের ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয়েছে ১৪তম ওভারে। মিরাজের শিকার হন সংগীত কুরে (১৭)। পরে দ্বিতীয় উইকেটে বড়ো জুটি গড়েন পাথুম নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিস। ১২১ রানের জুটি গড়েন তারা। সেই জুটিও ভেঙেছেন মিরাজ। কামিন্দু মেন্ডিসকে আউট করে ব্রেক থ্রু এনে দেন এই অফস্পিনার। কামিন্দু মেন্ডিস ৬২ রান করেন।

সেঞ্চুরির পথেই হাঁটছিলেন ওপেনার নিশাঙ্কা। তাকেও থামিয়েছেন মিরাজ। ৮৫ রান করে এলবির ফাঁদে পড়েন নিশাঙ্কা। মিরাজের ধাক্কার পরই স্বাগতিকদের রানের চাকা এরপর বেশি গতি পায়নি। লাগাম টেনে ধরেছিল বাংলাদেশ। চা বিরতির আগে লঙ্কান ‘এ’ দলের অধিনায়ক প্রিয়াঞ্জনকে ফেরান এবাদত হোসেন। তিনি ২৮ রান করেন। ইনিংসের ৭১তম ওভারে প্রিয়ামল পেরেরাকে (৪) নিজের দ্বিতীয় শিকার বানান এবাদত। দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন আসালঙ্কা ও লাহিরু উদারা।

উল্লেখ্য, হাম্বানটোটায় দুই দলের প্রথম ম্যাচটি ছিল তিন দিনের। এবং সেই ম্যাচটি ড্র হয়েছিল। চার দিনের ম্যাচের সিরিজের পর বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ‘এ’ দল ১ম ইনিংস : ৭৪ ওভারে ২২৩/৫ (নিশাঙ্কা ৮৫, কুরে ১৭, কামিন্দু মেন্ডিস ৬২, প্রিয়াঞ্জন ২৮, আসালঙ্কা ১৭*, প্রিয়ামল ৪, লাহিরু উদারা ২*; এবাদত ১৭-৩-৫১-২, সালাউদ্দিন শাকিল ১৩-১-৪৪-০, মিরাজ ৩১-০-৬৬-৩, রিশাদ ১৩-০-৫৬-০)