আর্সেনালের বড়ো জয়
স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগে ডাচ দল এজি আলকমারের বিপক্ষে গত বৃহস্পতিবার গোলশূন্য ড্র করলেও কোচ ওলে গুনার সোলসার জানিয়েছেন দলের পারফরমেন্সে দারুণ সন্তুষ্ট তিনি। আর্সেনাল অবশ্য লিগটিতে বেলজিয়ান দল স্টান্ডার্ড লিগকে ৪-০ ব্যবধানে হারিয়েছে। স্প্যানিশ দল সেভিয়া ও এস্পানিওল নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়েছে।
ভোঁতা আক্রমণভাগ চলতি মৌসুমে ম্যানইউর বড়ো দুশ্চিন্তার নাম। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শুরুর ম্যাচে চেলসিকে ৪-০ গোলে হারানোর পর শেষ নয়, ম্যাচে গোল করেছে মোটে সাতটি। ইউনাইটেড আক্রমণভাগের এমন নিষ্প্র্রভতা বৃহস্পতিবারও অব্যাহত থাকে। আলকমার গোলমুখে একটিও শট নিতে পারেনি দলটি। তবে দলের এমন পারফরমেন্সেও হতাশ নন দলটির নরওয়েজিয়ান কোচ। বরং সোলসার জানালেন আলকমার পর্যায়ের দলের বিপক্ষে প্লাস্টিক পিচে দুর্বল রেফারিং সত্ত্বেও ড্র নিয়ে ফিরতে পেরেই তৃপ্ত তিনি। সোলসারের ভাষ্য, ‘কঠিন প্রতিপক্ষের কঠিন মাঠে এটা বেশ ভালো একটা ফল। তারা কিছু দিন আগেই ফেইনুর্দের মাঠে ৩-০ গোলে জিতেছিল। আমরা কিছু পরিবর্তন এনেছিলাম এবং আমি বেশ সন্তুষ্ট।’
ম্যাচটির অন্তিম সময়ে প্রতিপক্ষ বক্সে মার্কাস র্যাশফোর্ড চ্যালেঞ্জের শিকার হলে পেনাল্টির জোরালো আবেদন তুলেছিল ইউনাইটেড, কিন্তু রেফারি সে আবেদনে সাড়া দেননি। এ নিয়ে কিছুটা ক্ষোভ আছে সোলসারের, ‘এটা পেনাল্টি হতেই পারত। সেটা হলে আমরা এখানে হাসিমুখেই বসতে পারতাম।’
প্রতিপক্ষ গোলমুখে ফরোয়ার্ডদের নিষ্প্র্রভতা নিয়ে কিছুটা চিন্তিত সোলসার। তবে কাউকেই দোষ দিচ্ছেন না তিনি, ‘হ্যাঁ, অবশ্যই আমি চিন্তিত। তৈরি করা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি আমরা। তবে, ‘সে গোল করতে পারত, তার করা উচিত ছিল’ বলার কোনো ভিত্তি নেই, এটা ছেলেরা জানে। আজ ছেলেদের নিয়ে আমি বেশ সন্তুষ্ট।
ম্যানইউর ঠিক উলটো চিত্র আর্সেনালে। তরুণ খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জোড়া গোল এবং দানি সেবায়োস ও জো উইলকের লক্ষ্যভেদে স্টান্ডার্ড লিগের বিপক্ষে বড়ো জয় পেলেও সন্তুষ্ট নন দলটির কোচ উনাই এমেরি। বেশ কিছু সময়ে সহজে বল হারানোই তার অসন্তুষ্টির বড়ো কারণ।
এমেরির ভাষ্য, ‘ম্যাচে আমরা তীব্রতা নিয়ে খেলেছি কিন্তু বেশ সহজে বল হারিয়েছি আমরা। কোনো গোল অবশ্য আমরা হজম করিনি। বলের দখল কীভাবে রাখতে হয়, এ নিয়ে আরো উন্নতি করতে পারি আমরা।’
দিনের অন্য ম্যাচে হ্যাভিয়ের হার্নান্দেজের একমাত্র গোলে অ্যাপোয়েল নিকোসিয়াকে ১-০ গোলে হারিয়েছে সেভিয়া। অন্য স্প্যানিশ দল এস্পানিওল সিএসকেএ মস্কোকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে। এদিকে ইতালীয় দল ল্যাজিও ২-১ গোলে হারিয়েছে রেনেকে।
