বরিশাল অফিস
বরিশাল জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রাথমিক বালক পর্যায়ে বরিশাল সদর উপজেলার হযরত শাহজালাল (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে প্রাথমিক বালিকা পর্যায়ে মধ্য টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। তাদের সাফল্যের ফলশ্রুতিতে শিশু শিক্ষার্থীদের মাঝে এ সামগ্রী উপহার দেওয়া হলো।
