অবৈধ দখল উচ্ছেদ করে নাগরিক সুবিধা বাড়ানোর দাবি
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজার জেলা পরিষদের সম্পত্তি বেদখলের অভিযোগ উঠেছে। উখিয়া স্টেশনের ফরেস্ট রোডের পাশে অবৈধ স্থাপনা তৈরি করে এলাকার কতিপয় প্রভাবশালী অসাধু ব্যবসায়ী ভোগদখল করছে বলে অভিযোগে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল জানায়, ডাকবাংলো-মরিচ্যা সড়কের উত্তর-দক্ষিণ পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিকল্পিত মার্কেট নির্মাণ করে ভাড়া দেওয়া হলে এ খাতে সরকারের রাজস্ব বাড়ত। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য খাতে স্থানীয় অর্থনীতিতেও যোগ হবে নতুন মাত্রা।
কক্সবাজার জেলা পরিষদ সূত্র জানায়, ২০১২ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উখিয়া ডাকবাংলো সংলগ্ন এলাকায় অবৈধভাবে ভোগ-দখলীয় প্রায় অর্ধশতাধিক বসত-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, গ্যারেজসহ নানা প্রকার স্থাপনা উচ্ছেদ করে। এসময় কয়েকটি স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার অঙ্গীকার করলে জেলা পরিষদ কর্তৃপক্ষ তা মঞ্জুর করে। উচ্ছেদের তালিকায় অন্তর্ভুক্ত মোহাম্মদ খানসহ একাধিক ঘর বাড়িহারা লোকজন জানান, জেলা পরিষদের এ জায়গার ওপর জেলা পরিষদের অর্থায়নে একটি শিশুপার্ক নির্মাণ করার কথা ছিল। কিন্তু তা অদ্যাবধি বাস্তবায়ন হয়নি।
সম্প্রতি জেলা পরিষদের পরিত্যক্ত জায়গাগুলো ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা পরিষদ কর্তৃক উচ্ছেদকৃত ওই জায়গার ওপর বর্তমানে পাকা দোকান নির্মাণসহ রোহিঙ্গাদের ত্রাণের বাজার বসানো হয়েছে। দক্ষিণ পাশে প্রায় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান অবৈধভাবে গড়ে উঠেছে। এসব ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে জায়গার মালিকানা জানতে চাওয়া হলে ব্যবসায়ীরা কোনো সদুত্তর দিতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, যারা মুচলেকা দিয়ে স্বউদ্যোগে ঘর বাড়ি সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছিল, সেখানে আরো পাঁচ-ছয়টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে।
কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও উখিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী জানায়, জেলা পরিষদের জায়গায় অবৈধ দোকানপাটগুলো উচ্ছেদ করে পরিকল্পিত মার্কেট নির্মাণ করে দেওয়া হলে জেলা প্রশাসনের আয় বাড়বে।
উখিয়া উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহিন বলেন, জেলা পরিষদের জমি যারা অবৈধভাবে দখল করে আছে তাদের উচ্ছেদ করে এখানে নাগরিক সুযোগ-সুবিধা বাড়বে—এমন স্থাপনা নির্মাণ করা দরকার।
