রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগরে বন্যায় ভেঙে যাওয়া ছোটো রিং কালভার্টটি মেরামত না করায় চরম ভোগান্তিতে পড়েছে কয়েকটি গ্রামের কয়েকশ মানুষ। এই ভায়া রিং কালভার্ট দিয়ে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে প্রত্যন্ত এলাকার গ্রামীণ মানুষদের। কিন্তু মেরামত করার কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের।
স্থানীয় বাসিন্দা মর্জিনা বেগম, ইন্টু হোসেনসহ আরো অনেকেই বলেন, ভোট এলেই শুধু নেতারা আশ্বাস দিয়ে যান নতুন করে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হবে কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না। প্রায় দুই মাস হলো বন্যায় ছোটো এই রিং কালভার্টটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। কারো কোনো দৃষ্টি নেই। আমরা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি এর ওপর দিয়ে। এটিই আমাদের চলাচলের একমাত্র রাস্তা।
বড়গাছা ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফু বলেন, আমি এই ভেঙে যাওয়া কালভার্ট ও রাস্তার বেহাল দশার কথা উপজেলা প্রশাসন ও প্রকৌশলী দপ্তরকে জানিয়েছি।
উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা বলেন, এই কালভার্ট ও রাস্তাসহ উপজেলার বেশ কিছু গ্রামীণ অবকাঠামো কাজের চাহিদা ওপর মহলে পাঠিয়েছি।
