আরো দুই স্থানে তিন জনের মৃত্যু
ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর তিনটি বাস খাদে পড়ে। এ ঘটনায় শিশুসহ নিহত হয় চার জন। আহত হয় ৪০ জন। গতকাল শুক্রবার ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
কুমিল্লা : সদর দক্ষিণ মডেল থানার এসআই খাদেমুল বাহার জানান, গতকাল বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার দয়াপুরে ঢাকামুখী হানিফ, শাপলা ও শান্তি পরিবহনের তিনটি বাস যাচ্ছিল। এসময় কুমিল্লা শহর থেকে একটি বালুবাহী ড্রাম ট্রাক মহাসড়কের ঐ স্থান অতিক্রম করে উপজেলা পরিষদ সড়কের দিকে যাওয়ার পথে প্রথমে হানিফ পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লাগে। পরে ঐ বাসের পেছনে থাকা অপর দুটি বাসও দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত তিনটি বাসই মহাসড়কের পার্শ্বে খাদে পড়ে যায়। নিহতরা হলেন—কুমিল্লা নগরীর বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা সাজেদুর রহমান (৪৮), চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বারইয়াডালা গ্রামের বাসের হেলপার রহিম উদ্দিন মানিক (৪২)। নিহত শিশু ও অপর হেলপারের পরিচয় জানা যায়নি।
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) : ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে বৃহস্পতিবার সন্ধ্যার পর পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরবাইক চালক এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার আব্দুল হামিদ ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. আমিনুল ইসলাম (৩৮) ও ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা গ্রামের বাসিন্দা।
সদরপুর (ফরিদপুর) : সদরপুর উপজেলার চরমানাইড় ইউনিয়নের জাজিরাকান্দি-ফকিরকান্দি আঞ্চলিক সড়কে গতকাল সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৫৩) ও মিনা হাওলাদার (৫৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
