মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দুটি ফিসিং ট্রলারসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর নিয়মিত টহলকালে ঐ জেলেদের ট্রলারসহ আটক করা হয়। শুক্রবার বিকালে আটককৃত জেলেদের মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী।
মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ শিকারের অপরাধে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে দুটি ফিসিং ট্রলারসহ আটক ২৩ ভারতীয় জেলেকে শুক্রবার বিকালে নৌ বাহিনী মোংলা থানায় সোপর্দ করে। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়।
এর আগে গত সোমবার বিকালে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ‘এফবি মা-লক্ষ্মী’ নামক একটি ফিসিং ট্রলারসহ ১৫ জন ভারতীয় জেলেকে আটক করেছে। পরে নৌবাহিনী মঙ্গলবার রাতে আটককৃত জেলেদের মোংলা থানায় হস্তান্তর করার পর বুধবার এদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
