গঙ্গাচড়ায় মন্দিরের নিরাপত্তা দেওয়াল ভাঙচুর, যুবক আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২১:৩৪

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় কেন্দ্রীয় দুর্গা ও কালীমন্দিরের নির্মাণাধীন দেওয়াল ভেঙে দিয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে। পরে ওই যুবককে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবারের মতো এবারও গঙ্গাচড়া কেন্দ ীয় দুর্গা ও কালীমন্দিরে দুর্গাপূজার আয়োজন করে। সেইসঙ্গে মন্দিরের নিরাপত্তার জন্য কমিটির লোকজন এর পেছনে দেওয়াল নির্মাণকাজ শুরু করে। গতকাল মন্দিরের পাশের বাড়ির দুলাল মিয়ার ছেলে আনিচুর রহমান (২৫) অতর্কিত হামলা চালিয়ে দেওয়াল ভেঙে দেয়। এ ঘটনায় হতভম্ব হয়ে পড়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন। খবর পেয়ে পুলিশ আনিচুরকে আটক করেছে।

কালীমন্দির কমিটির সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ক্ষ্যান্ত রানী বলেন, শ্রমিকরা যখন দুপুরের খাবার খেতে যায় তখন আনিচুর পেছনের দেওয়াল ভেঙে দেয়।  বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার ওসি মসিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। আর যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।