কুমিল্লা প্রতিনিধি
আজ শনিবার কুমিল্লার দাউদকান্দিতে অনুষ্ঠিত হচ্ছে ‘জেলা প্রশাসক নৌকাবাইচ’ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা উপলক্ষে বেশ কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বাঙালি সংস্কৃতির এ প্রতিযোগিতাকে ঘিরে জেলাজুড়ে উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে। এ প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, আজ শনিবার বিকাল ৩টায় জেলার দাউদকান্দি ব্রিজ সংলগ্ন মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উত্সবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। এতে স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়াসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন।
এদিকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে দৃষ্টিনন্দন ১২টি বড় নৌকা তালিকাভুক্ত হয়েছে। এতে কুমিল্লা ছাড়াও টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করবেন। এ প্রতিযোগিতায় নৌকার সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে, নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ী দলকে নগদ ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এছাড়া অপর অংশগ্রহণকারী প্রতিটি দলকে সম্মাননা প্রদান করা হবে। নৌকা বাইচটি মেঘনার চরকাঁঠালিয়া থেকে শুরু হয়ে দাউদকান্দি ব্রিজে এসে শেষ হবে।
