শিশুরা আবৃত্তি করল বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা
ইত্তেফাক রিপোর্ট
দুর্গা পূজা উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী শারদীয় নাট্যোত্সব আয়োজন করেছে বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটি। ‘মঞ্চ মায়ায় মানবতার জয়’ স্লোগান নিয়ে শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে এ নাট্যোত্সব। গতকাল উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়ন হয় থিয়েটার নাট্যদলের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ এবং মণিপুরি থিয়েটারের ‘কহে বীরাঙ্গনা’ নাটক।
মাইকেল মধুসূদন দত্ত-এর ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে ‘কহে বীরাঙ্গনা’ নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। একক অভিনয় করবেন জ্যোতি সিনহা। নাটকটির সংগীতে রয়েছেন—শর্মিলা সিনহা, বাদ্যে বাবুচান সিংহ, উজ্জ্বল সিংহ, অঞ্জনা সিনহা। ভাবমুদ্রা রূপায়ণে রয়েছেন স্বর্ণালী সিনহা, অরুণা সিনহা, শ্যামলী সিনহা ও আনন্দিতা। আলোক প্রক্ষেপণে মো. শাহজাহান মিয়া, দৃশ্যসজ্জায় আলী আহমেদ মুকুল, সজলকান্তি সিংহ।
অন্যদিকে সৈয়দ শামসুল হকের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল-মামুন। পরবর্তীকালে নবনির্মাণ করেছেন সুদীপ চক্রবর্তী। এ নাটকটিতে অভিনয় করেন ফেরদৌসী মজুমদার, কেরামত মওলা, তোফা হোসেন, ত্রপা মজুমদার, মারুফ কবির, পরেশ আচার্য, সমর দেব, খুরশিদ আলম, নুরুল ইসলাম সানি, রাশেদুল আওয়াল শাওন, জোয়ারদার সাইফ, তামান্না ইসলাম, রুনা লাইলা, তানভীর হোসেন সামদানী, কল্যাণ চৌধুরী, তানজুম আরা পল্লী, কাওসার রাজীব, আতিকুর রহমান, এরশাদ হাসান প্রমুখ। আজ শনিবার বিকাল ৪টা থেকে ভজন ও শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন পণ্ডিত রাম প্রসাদ সূত্রধর (শিষ্যপতি) ও উস্তাদ মানিক সিংহ রায়। সন্ধ্যা ৭টায় দেশ নাটক মঞ্চস্থ করবে মাসুম রেজা রচিত ও নির্দেশিত নাটক ‘নিত্যপুরাণ’। রাত ৯টায় থিয়েটার ৫২ মঞ্চস্থ করবে নতুন নাটক ‘কালিদাস’। নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ।
আগামীকাল রবিবার বিকাল ৪টায় পদাবলী কীর্তন পরিবেশন করবেন জয়পুরহাটের কুমারী লক্ষ্মী দেবী। সন্ধ্যা ৭টায় আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে ‘ভঙ্গবঙ্গ’ নাটক। মামুনুর রশীদের লেখা এই নাটকটি নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। রাত ৯টায় স্বপ্নদল মঞ্চস্থ করবে ‘জাদুর প্রদীপ’। এটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। সোমবার সন্ধ্যা ৭টায় নাগরিক নাট্যাঙ্গন মঞ্চস্থ করবে ‘বাংলা আমার বাংলা ও সেই সব দিনগুলো’। এটি নির্দেশনা দিয়েছেন হূদি হক। রাত ৯টায় চন্দ্রকলা থিয়েটার মঞ্চস্থ করবে ‘তন্ত্রমন্ত্র’। মঙ্গলবার শারদীয় নাট্যোত্সবের সমাপনী সন্ধ্যায় বহুবচন নাট্যদল মঞ্চস্থ করবে ‘অনিকেত সন্ধ্যা’। নির্দেশনা দিয়েছেন আরহাম আলো। এদিন রাত ৯টায় নাট্যফৌজ মঞ্চস্থ করবে ‘এজন মুন্সির পোস্টার’। নির্দেশনা দিয়েছেন লায়ন চিত্ত রঞ্জন দাস।
এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আয়োজন ‘জাতির জনককে জানো’। শুক্রবার সকাল ১০টায় শান্তিনগরে অবস্থিত পিবিএসের বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো এই আয়োজনের ৪র্থ পর্ব। এদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক দর্শনের ওপর রচিত দেশের প্রখ্যাত কবিদের কবিতা নিয়ে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও শিক্ষার্থীদের সঙ্গে জাতির জনকের জীবন-ইতিহাসের নানা দিক নিয়ে আলোচনা করেছেন আবৃত্তিকার বেলায়েত হোসেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন বিশেষ অতিথি মজুমদার বিপ্লব।
