ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, সারাদেশে ৩১ হাজার পূজামণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লক্ষাধিক সদস্য এসব পূজামণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে। তাদের পাশাপাশি আওয়ামী লীগ ও বিরোধী দল হিসেবে জাপার সর্বস্তরের নেতাকর্মীরাও স্ব-স্ব এলাকায় প্রতিটি পূজামণ্ডপে প্রহরী হয়ে পাহারা দেবে, যাতে কোনো অপশক্তি পূজায় নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করতে না পারে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গতকাল দোলাইরপাড়ে নিজ সংসদীয় কার্যালয়ে শ্যামপুর-কদমতলীর বিভিন্ন পূজামণ্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাপার কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ, কদমতলী থানার ওসি জামাল উদ্দীন মীর, শ্যামপুর থানার ওসি মফিজুল আলম, কদমতলী থানা জাপার সভাপতি শামসুজ্জামান কাজল প্রমুখ। অনুষ্ঠান শেষে বাবলা ব্যক্তিগতভাবে শ্যামপুর-কদমতলীর প্রতিটি পূজামণ্ডপকে দশ হাজার টাকা করে নগদ আর্থিক অনুদান প্রদান করেন।
