যেখানেই চাঁদাবাজি লুটপাট, সেখানেই অভিযান :সেতুমন্ত্রী

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২২:২৩

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশে দুর্নীতিবিরোধী অভিযান আপন ঘর থেকেই শুরু হয়েছে। চলমান দুর্নীতিবিরোধী এ অভিযান কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলের বিরুদ্ধে নয়। এটি অপরাধী এবং দুর্নীতির বিরুদ্ধে একটি অভিযান। দুর্বৃত্তায়নের একটি চক্র বাংলাদেশে রয়েছে, এই চক্রটি ভেঙে দিতে হবে। সেখানেই অপরাধী, যেখানেই দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি—সেখানেই এই অভিযান চলবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ও র্যাবকে পরিষ্কার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দিল্লি যাওয়ার আগেও বলে গিয়েছেন, আমার এই শুদ্ধি অভিযান কোনো অবস্থায় শিথিল হবে না। এই অভিযান চলতেই থাকবে। দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর।

মন্ত্রী গতকাল সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনের এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান।

‘খালেদার মুক্তির ব্যাপারে

সরকারের উচ্চপর্যায় থেকে

কোনো রেসপন্স আসেনি’

অন্য এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বেগম জিয়া বয়স্ক, এই বয়সে শরীর একেবারে সুস্থ সবল থাকবেন—এমন কথা নয়। তার জন্য চিকিত্সকদের দায়িত্বে চিকিত্সকদের একটি টিম আছেন এবং একটি বোর্ড আছে। তারা মাঝে মাঝেই পরীক্ষা করে দেখেন। অসুস্থতার বিষয়ে বিএনপি যা বলে তার সঙ্গে চিকিত্সকদের যে রিপোর্ট তার কোনো মিল নেই। আমার মনে হয় এখানে যেমন মানবিক বিষয়টি দেখতে হবে, একইভাবে এখানে একটি আইনগত বিষয় রয়েছে। আইনগত বিষয়টি সরকারের হাতে নেই। এটা আমি বারবার বলেছি বারবার বলার চেষ্টা করেছি। মন্ত্রী বলেন, খালেদা জিয়া যদি জামিন পান এবং চিকিত্সকদের পরামর্শে চিকিত্সার জন্য বিদেশ যাওয়ার মতো অবস্থা থাকে এবং সেই পর্যায়ে তার অবস্থার অবনতি ঘটে সেটা পরবর্তীকালে বিবেচনা করা যাবে। বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপির এমপিরা আমাদের সঙ্গে কথা বলেছেন?। আমার মাধ্যমে তারা সরকারের উচ্চ পর্যাযয়ে বিষয়টি বিবেচনার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তবে বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায় থেকে কোনো রেসপন্স আসেনি।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন, জেলা পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।