গণপিটুনি নিয়ে মোদিকে চিঠির জের

সৌমিত্র ও অপর্ণাসহ ৪৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২২:২৬

ভারতে গণপিটুনি নিয়ে একাধিক ঘটনার প্রতিবাদ জানিয়ে ৪৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রণালয় তাদের কড়া ভাষায় জবাব দিয়েছিল। এর কয়েক মাস কাটতে না কাটতেই এবার সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেনসহ বিশিষ্টদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যার মধ্যে রাষ্ট্রদ্রোহও আছে। খবর ওয়ান ইন্ডিয়া, এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার

একাধিক বিশিষ্ট তারকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ভারতের গণপিটুনির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেই চিঠির জন্যই বিশিষ্টজনদের বিরুদ্ধে বিহারের মজফ্পরপুরে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করা হয় একটি পিটিশন। সেই সূত্রে কোর্টের পক্ষে নোটিশ পাঠানো হয়েছে বিশিষ্ট ব্যক্তিত্বদের। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা অনুযায়ী ওই এফআইআর করা হয়েছে। এর মধ্যে আছে রাষ্ট্রদ্রোহ, ধর্মীয় ভাবাবেগে আঘাত, শান্তি লঙ্ঘন ও অপমান করা। চিঠিতে স্বাক্ষর করা ৪৯ জন খ্যাতনামা মানুষের মধ্যে রয়েছেন— ঐতিহাসিক রামচন্দ্র গুহ, মণি রত্নম, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ ও শ্যাম বেনেগলের মতো পরিচালক, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা এবং শুভা মুদগলের মতো কণ্ঠশিল্পীরা। এতে বলা হয়েছিল, মুসলিম, দলিত ও অন্য সংখ্যালঘুদের গণপিটুনিতে হত্যা দ্রুত বন্ধ করতে হবে। এতে আরো বলা হয়, ‘জয় শ্রী রাম’ ধ্বনি হয়ে উঠেছে উত্তেজক রণহুঙ্কার।

রাহুল গান্ধীর প্রতিক্রিয়া

এফআইআর দায়েরের পর এক প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদি সরকারের আমলে দেশে স্বৈরতন্ত্র কায়েম হতে চলছে অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুললেই জেলে পুরে দেওয়া হচ্ছে। মোদি সরকার সমালোচনা শুনতে পারে না বলেও গতকাল অভিযোগ করেন রাহুল।