রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসের সঙ্গে লেগুনার পাল্লাপাল্লি চলাকালে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই খালিদ নামের ওই যুবক নিহত হন। নিহত খালিদ মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার মেসে থাকতেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। খালিদ পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদপুর থেকে গাবতলীমুখী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা প্রত্যয় পরিবহনের একটি বাস এবং একটি লেগুনা পাল্লাপাল্লি চলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই খালিদের মাথার হেলমেট ভেঙে দুই টুকরো হয়ে যায়। একটি অংশ পড়ে ছিল রাস্তার মধ্যে। আর অন্য অংশটি ছিল তার মাথায়। তার ঘিলু চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এ সময় তার সঙ্গে থাকা আরো একজন আহত হন।
দারুসসালাম থানার ওসি আসলাম উদ্দিন জানান, খালিদকে চাপা দেওয়া বাসটি প্রত্যয় পরিবহনের হলেও বাসটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বাসটি শনাক্তে কাজ চলছে। নিহতের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
