রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গতকাল শুক্রবার বিকালে ক্যাম্পাসে পদযাত্রা করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্র সংগঠনের সদস্যরা ‘অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এই কর্মসূচি পালন করেন। শহীদ মিনার থেকে শহীদ শামসুজ্জোহা চত্বর পর্যন্ত খালি পায়ের এ পদযাত্রায় তারা উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার পদত্যাগ দাবি করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। পরবর্তীতে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেনের সঞ্চালনায় ও রাশেদ রিমনের সভাপতিত্বে এতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর প্রমুখ বক্তব্য রাখেন। গত সোমবার থেকে তারা ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করে আসছেন। কর্মসূচি থেকে আজ শনিবার সন্ধ্যায় মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়।
