তুহিন খান
প্রতি বছরের মতো এ বছরও সাভার উপজেলায় উত্সব ও আমেজের সঙ্গে উদ্যাপিত হচ্ছে শারদীয় দুর্গোত্সব। গতকাল শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সাভারের হিন্দুপাড়াগুলো সেজেছে নতুন সাজে। পূজামণ্ডপ ও মন্দিরগুলোতে পড়েছে সাজ সাজ রব। ঢাকঢোল বাজিয়ে আনন্দে মেতে উঠেছে হিন্দুধর্মাবলম্বীরা। এ বছর সাভার ও আশুলিয়ার মোট ১৯২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল রবিবার অষ্টমী পূজার দিন সব পূজামণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। আগামী ৮ অক্টোবর মঙ্গলবার দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোত্সব। পূজার পুরো সময়টা জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সাভারের হিন্দু অধ্যুষিত আড়াপাড়া, পালপাড়া, ঘোষপাড়া, মধ্যপাড়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, কাতলাপুর, হেমায়েতপুরসহ আশুলিয়ার গাজীরচট, নরসিংহপুর ও শিমুলিয়াসহ বিভিন্ন ইউনিয়নে পূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে পূজা উদ্যাপনের চিত্র। মন্দিরগুলো আলোকসজ্জিত করা হয়েছে, রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে দেবী দুর্গার প্রতিমাকে। মুহুর্মুহু উলুধ্বনি আর ঢাকঢোলের মন মাতানো শব্দে আনন্দে মেতে উঠছে ছোটো-বড়ো সবাই। ঠাকুর দর্শন করতে দলে দলে শিশু-কিশোর, যুবক ও তরুণ-তরুণীরা ঘুরে বেড়াচ্ছে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে।
পূজামণ্ডপে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ৮ অক্টোবর পূজার শেষ দিন পর্যন্ত এই নিরাপত্তাব্যবস্থা বহাল রাখা হবে।
