গাজীপুরে নেই শিশু পার্ক

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০০:১০

বিনোদনবঞ্চিত শিশু-কিশোররা

 মুজিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলাশহর গাজীপুরে শিশুদের চিত্তবিনোদনের কোনো ব্যবস্থা নেই। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও গাজীপুর জেলাশহরে কোনো শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে শহরের শিশু-কিশোররা চিত্তবিনোদন থেকে বঞ্চিত হচ্ছে।  এ ব্যাপারে নাগরিকদের পক্ষ থেকে বারবার দাবি করা সত্ত্বেও সিটি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন ভূমিকা পালন করছে। একসময় শহরের লোকজন চিত্তবিনোদনের জন্য পরিবার-পরিজনসহ সিনেমা দেখতে যেত। কিন্তু অশ্লীল সিনেমার দাপটসহ সিনেমা হলগুলোতে সুস্থ পরিবেশ না থাকায় নগরবাসী বর্তমানে সিনেমা হলে যেতেও উত্সাহ হারিয়ে ফেলেছেন।

গাজীপুরবাসী দীর্ঘদিন ধরে শহরে একটি পার্ক নির্মাণের দাবি জানিয়ে আসছেন। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করে যাচ্ছেন। শহরে অনেক খালি জায়গা পড়ে থাকা সত্ত্বেও শুধু কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সিটির নাগরিকদের এ যৌক্তিক দাবিটি উপেক্ষিত থাকছে। পার্কের অভাবে চিত্তবিনোদনবঞ্চিত শিশু, কিশোর-কিশোরীরা পাড়ামহল্লায় ঘুরে বা বাড়ির আঙিনা-ছাদে বসে গালগল্প ও আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে। অনেক শিশু-কিশোরকে শুষ্ক মৌসুমে খালি জমিতেও বিভিন্ন খেলাধুলা করতে দেখা যায়। পার্কের অভাবে এবং সুস্থ বিনোদনের সুযোগ না থাকায় অনেকেই পারিবারিকভাবে অন্যত্র বিনোদনমূলক স্পটে চলে যায়। জেলাশহরের রথখোলায় নির্মিত বঙ্গতাজ অডিটরিয়ামের দক্ষিণ পার্শ্বে নিচু এলাকা ভরাট করে সেখানে একটি আধুনিক পার্ক নির্মাণ করা যেতে পারে। এ ব্যাপারে সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দীর্ঘদিনের একটি দাবি পূরণে এগিয়ে আসবে এ প্রত্যাশা সিটিবাসীর।

এ ব্যাপারে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, শহরে একটি শিশু পার্ক নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। উপযুক্ত জায়গা নির্বাচন করে একটি আধুনিক শিশু               পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে। যাতে শিশু-কিশোররা ঐ পার্কে আনন্দময় সময় কাটাতে পারে।