ইত্তেফাক রিপোর্ট
সাভারে পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদকে গুলি করে হত্যার ঘটনায় সরাসরি জড়িত মানিক নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে সাভারের দক্ষিণ বক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সাইদুর রহমান। গ্রেফতারকৃত মানিক (২৮) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা এলাকার জুটিগ্রাম এলাকার মো. বাবুলের ছেলে।
সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, গত ১৪ সেপ্টেম্বর রাতে সাভার পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে মাথায় গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে মজিদ মারা যান। এ ঘটনায় মজিদের বাবা আবুল কাশেম বাদী হয়ে মিকাইল মোল্লা, বাবু, মোক্তার হোসেন, মনির-১, মনির-২, রিপন, আনোয়ার, স্বপন ও সুজাতসহ অজ্ঞাতনামা আট/নয় জনের বিরুদ্ধে ১৫ সেপ্টেম্বর সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
