বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বেগম খালেদা জিয়া তার মুক্তির জন্য কারো কাছে মাথা নত করবেন না। তিনি বাংলাদেশের ১৭ কোটি মানুষের নেতা। সুতরাং হয় তার মুক্তি আইনি প্রক্রিয়ায় হবে, আর না হলে জনতার আন্দোলনের মাধ্যমে হবে। অন্য কোনো পথে তার মুক্তি হবে না। তবে বেগম জিয়া অবশ্যই জেলখানা থেকে বের হয়ে আসবেন। আর সেদিন বাংলাদেশে আবারও গণতন্ত্র, বিচার বিভাগ, আইনের শাসন ও সংবাদমাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে। তিনি গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, অসহায় বিচারব্যবস্থা, গণতন্ত্রের মুক্তি আর কতদূর’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন। ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
মওদুদ বলেন, ক্যাসিনোর সঙ্গে প্রশাসন, রাজনীতিবিদ, আওয়ামী লীগের নেতা ও মন্ত্রী-এমপিরা জড়িত ছিলেন। আর এর সঙ্গে পুলিশের কর্মকর্তারাও জড়িত। এ কারণে তারা এতদিন তাদের ধরেনি। মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, অভিযান চালিয়ে যাবেন, স্বাগত জানাই। তাই আপনার সরকারের সাবেক ও বর্তমান মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব দেশের মানুষের কাছে উপস্থাপন করুন। তাহলে বুঝব, আপনি সত্যিকার অর্থেই এই অভিযান চালাতে চান।
