হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ২ হাজার ২৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিল মিয়া (২৫) নামে ঐ যাত্রীকে আটক করা হয়। প্রায় ১৮ ঘণ্টার চেষ্টায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। শাকিল ঢাকার খিলক্ষেত থানার ডুমনি এলাকার নয়াপাড়া গ্রামের শাহাজুদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়াবাসহ শাকিল মিয়া (২৫) নামে ঐ যাত্রীকে আটক করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-১৪৬ ফ্লাইটযোগে ঢাকায় আসেন তিনি।
আলমগীর হোসেন জানান, ঢাকায় অবতরণের পর শাকিলকে বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে অনুসরণ করেন বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। কথা বললে পুলিশ সদস্যদের বিভ্রান্তিকর ও সন্দেহজনক তথ্য দেন তিনি। পরে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি স্বীকার করেন, পেটে ইয়াবা বহন করছেন তিনি। তার পেটে ২ হাজার ২৮০ পিস ইয়াবা রয়েছে। এর বাজারমূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা। পরে বিশেষ ব্যবস্থায় ইয়াবাগুলো বের করা হয়।
জিজ্ঞাসাবাদে শাকিল জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফের আবির নামে একজনের কাছ থেকে তিনি ইয়াবা সংগ্রহ করেছেন। পারভেজ নামে অন্য একজন এই ইয়াবার জন্য টাকা দিয়েছিলেন তাকে। শাকিলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর আর্মড পুলিশ।
