কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি দক্ষিণ পূর্বপাড়া গ্রামে শুক্রবার দুপুরে নদীতে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, গতকাল দুপুরে তিন শিশু বাড়ির লোকজনকে না জানিয়ে খিরাটি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বানার নদীতে গোসল করতে যায়। বাড়ি থেকে ৩০০ গজ দূরে নদীতে নেমে গোসলের এক পর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাদের খুঁজে না পেয়ে বিকালে ঐ নদীতে গিয়ে এক শিশুর লাশ ভাসতে দেখে। পরে অনেক খোঁজাখুঁজির পর তারা বাকি দুই শিশুর লাশ পানির নিচ থেকে উদ্ধার করে। মৃত শিশুরা হলো— নরসিংদী জেলার মনির হোসেনের মেয়ে হিমু (১০), ঘাগটিয়া দক্ষিণ পূর্বপাড়া গ্রামের মিলন মিয়ার মেয়ে সিনথিয়া (০৯) ও সিনহা (০৫)। এদের মধ্যে হিমু নানির বাড়ি বেড়াতে এসেছিল। কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, শিশুদের অভিভাবকরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
