উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
রোহিঙ্গাদের কাছ থেকে কম মূল্যে চাল কেনার ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় সেনা সদস্যরা ৬ জনকে আটক করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে কুতুপালং ক্যাম্প ৭ এলাকায় এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হচ্ছে রাজাপালং ইউনিয়নের দরগাহবিল গ্রামের শামশুল আলমের ছেলে মাহবুবুল আলম (৩০), কুতুপালং পূর্ব পাড়া গ্রামের মোঃ শফির ছেলে মোঃ শাহ জান (৩০) ও একই গ্রামের মোঃ ছৈয়দের ছেলে আকতার (২৮), কুতুপালং ক্যাম্প ৭ বি ১৬ ব্লকের বাসিন্দা আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম (২২), আবু ছিদ্দিক (৩০) ও লাল মিয়ার ছেলে শহিদুল আমিন (২৮)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ইতিপূর্বে বালুখালী পান বাজার এলাকায় ত্রাণের চাল কেনার ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী রোহিঙ্গাদের দেওয়া ত্রাণের চাল ক্রয় না করার জন্য স্থানীয়দের সতর্ক করলেও তা মানা হচ্ছে না বলে রোহিঙ্গা নেতৃবৃন্দের অভিযোগ।
