বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার জন্মদিন উপলক্ষে নড়াইলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে শহরের আলাদাতপুর এলাকায় মাশরাফি ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।
আরও পড়ুন: একই প্রাঙ্গণে উৎসব ও সেবা
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ, টিপু সুলতান, তরিকুল ইসলাম তরিক প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১৯৮৩ সালের ৫ অক্টোবর গোলাম মর্তুজা স্বপন ও হামিদা মর্তুজা বলাকার ছেলে মাশরাফি বিন মুর্তজা জন্মগ্রহণ করেন। নড়াইল শহরের আলাদাতপুরে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। পরিবারসহ নড়াইলবাসির কাছে ‘কৌশিক’ নামেই পরিচিত বিশ্ববাসীর চেনা মাশরাফি। তবে মাশরাফির জন্মদিন কখনো ঘটা করে পালন করা হয় না। মাশরাফির যখন এক বছর বয়স, তখন কেক কেটে জন্মদিন পালন করা হলেও পরবর্তীতে আর কখনো সেইভাবে পালন করা হয়নি। এখন এতিম ও দুঃখী মানুষের মাঝে খাবার, টাকা-পয়সা দেয়ার মধ্য দিয়ে মাশরাফির জন্মদিন পালন করা হয়।
এদিকে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আনন্দ র্যা লি কেক কাটার আয়োজন করা হলেও এসব কর্মসূচি পালন না করার জন্য অনুরোধ জানান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
ইত্তেফাক/এমআরএম
