শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। যেসকল পদ্ধতি অনুসরণ করলে এই ভর্তি পরীক্ষায় ভালো করবেন, অভিজ্ঞতার আলোকে জানাচ্ছেন বারবার চেষ্টা করেও কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পাওয়া মুহা. তাজুল ইসলাম
v আপনি বিজ্ঞানের ছাত্র। সূত্রগুলো আপনার একদম মনে থাকে না। চিন্তা নেই, শার্ট ও প্যান্টে ৮-১০টা পকেট বানিয়ে রাখুন। পরীক্ষার হলে যাওয়ার সময় পকেটে সূত্রগুলো ভরে নিয়ে যাবেন। বিপদে কাজে লাগবে।
v মোখলেসের সঙ্গে আপনার চিরশত্রুতা। আপনার ১৩ নম্বর গার্লফ্রেন্ডকে সে ভাগিয়ে নিয়েছিল। পরীক্ষায় আশপাশে সিট পড়তে পারে, এই ভেবে তাকে মাফ করে দিয়ে পুরনো বন্ধুত্ব আবার জাগিয়ে তুলুন।
v পরীক্ষার আগে কিছুই পারছেন না। প্রস্তুতি একদম ভালো না। কোনো চিন্তা নেই, লেখাপড়া বাদ দিয়ে বেশি করে জনপ্রিয় সব চলচ্চিত্র দেখুন। এই সময়ে পড়ার চেয়ে মাথা ঠাণ্ডা রাখা জরুরি।
v পাশের এলাকার কুলসুমকে আপনার একদম অপছন্দ। ১৮টি প্রেম করে ব্রেকআপ হয়ে গেলেও লেখাপড়ায় সে অনেক ভালো। পরীক্ষায় তার সহযোগিতা লাগতে পারে, এই ভেবে তার অ্যাঞ্জেল বেদানা আইডিতে ফ্রেন্ড রিক্যুয়েস্ট পাঠিয়ে সখ্যতা গড়তে পারেন।
v একসঙ্গে পরীক্ষা দেবেন, কিন্তু রয়েছে বেশ দূরত্ব। চিন্তা নেই, বন্ধুদের পরীক্ষার আগের রাত পর্যন্ত দৈনিক একবার করে বাড়িতে অথবা রেস্তোরাঁয় দাওয়াত করে খাওয়ান। পরীক্ষার সময় তারা আপনার প্রতি কিছুটা সহানুভূতিশীল হবে।
v পরীক্ষার বিষয়ে অনেক কিছুই বুঝতে পারছেন না? বাড়ির কাছাকাছি কোনো ক্যাসিনোতে চলে যান। সেখানে বিভিন্ন পেশাজীবীর মানুষদের পাবেন। তাদের কাছ থেকে অনেক বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যা পরীক্ষায় কাজে লাগবে।
v বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা নেই? তাহলে পড়ালেখার পাশাপাশি, ছেলে হলে অটো রিকশা চালানো আর মেয়ে হলে ঘর মোছা-কাপড় ধোয়ার উপরে উচ্চতর প্রশিক্ষণ নিতে পারেন। বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পাওয়ার জন্য ছেলেকে ঘর থেকে বের করে দিলে কিংবা মেয়েকে বিয়ে দিয়ে দিলে এই অভিজ্ঞতা কাজে লাগবে।
