সাঈদ সাহেদুল ইসলাম
ডিম থেকে যায় পুষ্টি পাওয়া যারাই খাবে—খাবে,
পোজ সিঙ্গারা মামলেটেও সে ডিম পাওয়া যাবে।
খাওয়া ছাড়াও ডিম ব্যবহার হয় যে ব্যাপক হারে,
ডিমের ‘প্রতিপাদ্য বিষয়’ অধিক হতেই পারে।
(এই ফাঁকে কই ডিমের আছে আন্ডা আরেক নাম,
ভিন্নভাবেই—ভিন্নখানেও বেশ আছে তার কাম।)
ডিম পাওয়া যায় পরীক্ষাতেও, অমন অভিজ্ঞতায়
তারাই—যারাই লিখবে জবাব—প্রসঙ্গহীন কথায়।
ডিম যে আজো বিতর্কে সেই ডিম আগে না ছানা,
তর্কে মেতেও অনেক লোকই প্রমাণ দেখায় নানা!
কেবল তা নয়, ডিম ব্যবহার হচ্ছে ঘোড়ার সাথে,
যদিও ‘ঘোড়ার ডিম’ এখনও যায়নি কারো হাতে!
ডিমের খোসাও হয় ব্যবহার খেলনা বানায় যারা,
সবশেষে কই—যে কর্ম আজ হচ্ছে ডিমের দ্বারা।
ঘৃণার প্রকাশ করতে তো কেউ—ছুঁড়ছে পচা ডিম,
অনেকভাবেই হোক না প্রচার—ডিম দিবসের থিম!
