যৌতুকের কৌতুক!

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৯:০৯

 কাজী সুলতানুল আরেফিন

 

পাড়ার ছোট ভাই হূদয় খান। সদ্য বিয়ে ঠিক হয়েছে তার। বিয়ে ঠিক হওয়ার পর থেকে খরচাপাতি নিয়ে হূদয় খানকে বেশ চিন্তিত দেখা গেল। আমার কাছেও কয়েকবার এসে হা-হুতাশ করছে। বিয়ের কয়েকদিন আগে সে হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে জানতে চাইল, ‘কোন কোম্পানির স্মার্ট ফোন ভালো হবে!’ সে একখানা নতুন স্মার্ট ফোন কিনতে চায়।

আমি তাকে উপদেশ দেওয়ার সুরে বললাম, ‘বিয়ের আগে বাড়তি খরচ বাড়ানোর কী দরকার? বিয়ের পরে কিনলে ভালো হয়।’

সে জবাবে জানালো, ‘কিনতেই যখন হবে, তখন বিয়ের আগে কেনাই ভালো!’

‘কেন? বিয়ের আগে কেন?’ আমি আবার জানতে চাইলাম।

‘বিয়ের পরে কিনলে মানুষ ভাববে শ্বশুরবাড়ি থেকে দিয়েছে! আমি নিজের টাকায় মোবাইল কিনব আর নাম হবে শ্বশুরবাড়ির! বিষয়টা কেমন দেখাবে?’

আমি তার কথা শুনে হাঁ করে রইলাম। তার জ্ঞান দেখেও অবাক হলাম। আমি কিছু বলতে যাচ্ছিলাম। সে আমাকে থামিয়ে দিয়ে আবারও বলতে শুরু করল, ‘শুধু শ্বশুরবাড়ির নাম হবে তা কিন্তু নয়! সেই সাথে আমার নিজেরও বদনাম হবে। লোকে ভাববে আমি যৌতুক নিয়েছি! তারপর আমাকে নিয়ে কৌতুক করবে।’