গাধা

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৯:১১

 জাহাঙ্গীর আলম আজাদ

 

কথাচ্ছলে ক্লাসে সেদিন রাগী সুরুজ স্যারে

বলল, কত গাধা মানুষ হলো ব্যবহারে!

তোমরা কেহ নও তো গাধা, বল্টু কেবল বোকা—

ওকেও মানুষ করব আমি দিয়ে বেতের টোকা!

স্যারের কথায় বল্টু কেবল নীরব হয়ে থাকে,

উদাস মনে একা একা কি যেন সব আঁকে!

রাজ্যজয়ীর মতো হঠাত্ বল্টু হেসে ওঠে,

‘ছুটি নেব’ এই কথাটি মুখে তাহার ফোটে!

ভ্যাবাচ্যাকা খেয়ে স্যারে দেন যে শেষে ছুটি

ভাবেন কেবল, এমন বোকা স্কুলে নেই দুটি!

ঘণ্টাখানেক পরে আবার বল্টু আসে ফিরে,

অট্টহাসির রোল পড়ে যায় বোকাটাকে ঘিরে!

স্যারে কিছু বলার আগেই বল্টু বলে ওঠে,

বিনয় করে বলছি ও স্যার, ফাজলামি নয় মোটে—

বাড়ি থেকে আনছি টেনে দাদার প্রিয় গাধা,

দিন না একে মানুষ করে, চমকে যেন দাদা!

সাঘাটা, গাইবান্ধা