রূপগঞ্জে ক্যাসিনো ডন সেলিম প্রধানের দখলে থাকা সওজের জমি দখলমুক্ত করেছে প্রশাসন। শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী যুগ্ম সচিব ও সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেডের অবৈধ দখলে থাকা ১৫ শতাংশ জমির পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার ভুমি তরিকুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, সহকারী উপ-পরিচালক সাখাওয়াত হোসেন শামীম, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এ মান্নান প্রমূখ।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩৩২ ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে ক্যাসিনো ডন সেলিম প্রধানকে গ্রেফতার করে র্যাব। সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো ব্যবসার মূল হোতা বলে জানায় র্যাব।
সেলিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার গুলাশান-২ এর ১১/১ এ রোডে ও বনানীর অফিসে অভিযান চালিয়ে ৪৮টি বিদেশি মদের বোতল, নগদ ২৯ লাখ ৫ হাজার টাকা, ২৩টি দেশের বৈদেশিক মুদ্রা (যার মূল্য আনুমানিক ৭৭ লাখ ৬৩ হাজার টাকা, ১২টি পাসপোর্ট ও ১২টি ব্যাংকের চেকবই, একটি বড় সার্ভার ও ৪ টি ল্যাপটপ ও হরিণের চামড়া উদ্ধার করে।
আরও পড়ুন: জাবিতে আবারও যৌন হয়রানির অভিযোগ
এরপর থেকে ক্যাসিনো ডন সেলিম প্রধানের জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেডের অবৈধ দখলে থাকা ১৫ শতাংশ সওজের জমিতে পাকা স্থাপনার বিষয়টি বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পায়। মিডিয়াতে প্রকাশের পর শনিবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন।
ইত্তেফাক/নূহু
