স্পোর্টস রিপোর্টার
শ্রীলঙ্কায় দ্বিতীয় চারদিনের ম্যাচে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ ‘এ’ দল। অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরিতে গতকাল ম্যাচের দ্বিতীয় দিন শেষে ১৫ রানে এগিয়ে আছে বাংলাদেশ। হাম্বানটোটায় গতকাল শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৬৮ রানে। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৮৩ রান। নুরুল হাসান সোহান ৩৫ ও মেহেদী হাসান মিরাজ ৬ রানে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২২ রানে ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তৃতীয় উইকেটে সাদমান ও মুমিনুল ১৫৪ রানের জুটি গড়েন। সাদমান ৭৭ রান করে আউট হলেও মুমিনুল সেঞ্চুরি তুলে নেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ২০তম সেঞ্চুরি। দিনের খেলা শেষ হওয়ার চার ওভার আগে ১৯০ বলে ১১৭ রানের (১৫ চার, ১ ছয়) ইনিংস খেলে ফিরেন মুমিনুল। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মিঠুন (২১) ও এনামুল হক বিজয় (৮)। মিরাজকে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন নুরুল হাসান সোহান। আজ তৃতীয় দিনে প্রথম ইনিংসের স্কোরটা বড়ো করার লক্ষ্যেই ব্যাট করবে বাংলাদেশ ‘এ’ দল। এর আগে গতকাল সকালে ৪৫ রানে শেষ চার উইকেট হারিয়েছিল লঙ্কানরা। মিরাজ একাই নেন চার উইকেট। আসালঙ্কা ৪৪, লাহিরু উদারা ২০ রান করেন। মিরাজ ৮৪ রানে ৭ উইকেট নেন।
