ছুটি শেষে ফের মাঠে নামল ফুটবলাররা

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২০:৫৪

স্পোর্টস রিপোর্টার

ভুটানের বিপক্ষে পরপর দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ জিতে বাংলাদেশের খেলোয়াড়রা একদিনের জন্য ছুটিতে গিয়েছিলেন। বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডে ছুটিতে থাকলেও তিনি চোটে থাকা ফুটবলার মাসুক মিয়া জনিকে দেখতে গিয়েছিলেন। নামে ছুটি হলেও কোচ খেলোয়াড়দের নিয়েই ব্যস্ত ছিলেন।

কোচ বলছিলেন একটা দিন বিশ্রামে দেওয়া হলে মনটাও ভালো থাকে। জেমির কথা হলো, ‘ভুটানকে পরপর দুটি ম্যাচে আমরা হারিয়েছি। এটা আমার জন্য যেমন বাড়তি ভালো লাগা, ঠিক তেমনি খেলোয়াড়দের জন্যও উচ্ছ্বাস। ওরাও ঘুরে বেড়ায়।’

খেলোয়াড়রা ছুটি কাটালেও তাদের মধ্যে এখন কাতার নিয়ে স্বপ্ন। একদিন ছুটি কাটিয়ে গতকাল সকালের সেশনে কমলাপুর স্টেডিয়ামে অনুশীলনে নেমে খেলোয়াড়রা ফুরফুরেই ছিলেন। রবিউল অনুশীলনে ছিলেন না তার বাবা অসুস্থ। হাসপাতালে ভর্তি হয়েছেন।

কাতারের বিপক্ষে আগামী ১০ অক্টোবর ম্যাচ ঢাকায়। বাংলাদেশের অনুশীলনে খেলোয়াড়রা মনোযোগী, কীভাবে চূড়ান্ত দলে জায়গা পাওয়া যায়। ২৩ ফুটবল ক্যাম্পে থাকবেন। তবে বোঝাই যাচ্ছে ইয়াসিন, রায়হানরা নিশ্চিত। জীবন, বিপলু, রবিউল, গোলকিপার আশরাফুল রানা, সুফিলরা প্রায় নিশ্চিত, তারা থাকবেন।

কোচ জেমিও বলছেন, তার দলে খুব একটা পরিবর্তন হবে না। কাতারের বিপক্ষে ভুটান ম্যাচে খেলা ফুটবলাররাই থাকবেন। জেমি ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৭ ফুটবলার পরিবর্তন করে বাজিয়ে দেখেছেন। জেমির উদ্দেশ্যে হচ্ছে খেলোয়াড়দের সুযোগ দেওয়া। তারা যেন যোগ্যতা প্রমাণ করতে পারেন।

ডিফেন্ডার রায়হান, ইয়াসিন আরাফাত, আক্রমণভাগে আরিফুল ইসলাম, মামুনুল ইসলাম, ইব্রাহিম, সুফিল, জুয়েল রানারা পালাক্রমে মাঠে নেমেছেন। যদিও সুফিল, রায়হান চূড়ান্ত দলে থাকবেন—এমন কথা সবার জানা। রায়হান জাতীয় দলের ক্যাম্পে ঢুকেছেন পরে। তবে তার পারফরম্যান্স নিয়ে খুশি জেমি। রায়হানের লম্বা থ্রো ভুটানকে বিপদে ফেলেছিল। কাতারের বিপক্ষে রায়হানের থ্রো কাজে লাগতে পারে।

কোচের দুর্ভাবনা আরো আছে। রক্ষণ ভাগ নিয়ে। কাতারের আক্রমণভাগ অনেক বেশি শক্তিশালী সেটা বুঝতে ভাবতে হয় না। কাতার এশিয়ান কাপ ফুটবল চ্য্যাম্পিয়ন। আগামী বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ। এমন দলের বিপক্ষে বাংলাদেশের মতো পিছিয়ে থাকা ফুটবল দেশ যে পারবে না, সেটা সহজেই অনুমান করা যায়। যদি অলৌকিক কোনো ঘটনা না ঘটে। তাই জেমির ভাবনায় আছে রক্ষণভাগ।

ইয়াসিন যেমন বলছিলেন, ‘আমি আর রায়হান ছাড়া ডিফেন্স লাইনে সবাই তরুণ।’ ২০০৬ এশিয়ান কাপ বাছাই রাউন্ডে কাতারের বিপক্ষে ঢাকার মাঠে বাংলাদেশ প্রথম খেলায় ৪-১ গোলে হেরেছিল। ফিরতি খেলায় ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আবার ঘরের মাঠে বাংলাদেশ চাইছে কাতারকে থামাতে। সেই চেষ্টায় আগামী ১০ অক্টোবর বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল।