ফের নায়ক রোহিত

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২০:৫৪

বিশাখাপত্তনম টেস্ট

 স্পোর্টস ডেস্ক

আর মাত্র ২৩টা রান দ্বিতীয় ইনিংসে করতে পারলেই রেকর্ডের চূড়ায় উঠে যেতে পারতেন রোহিত শর্মা। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অ্যালান বোর্ডারের পর একই টেস্টের দুই ইনিংসেই ১৫০ রান হয়ে যেত ডানহাতি এই ওপেনারের। সেটা না হলেও ভারতীয় ওপেনার রোহিতের অর্জনকে খাঁটো করে দেখার কিছু নেই।

প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি করেছেন ১২৭ রান। সিরিজের আগে যাকে একাদশে দেখতেই নারাজ ছিলেন অনেকে, সেই রোহিতই এবার ভারতের তুরুপের তাস। এর সুবাদে বিশাখাপত্তনমে আকাশচুম্বি লিড নিয়েছে স্বাগতিক ভারত।

দ্বিতীয় ইনিংসে ভারত চার উইকেটে ৩২৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। ফলে, ৩৯৪ রানের বিশাল লিড পায় বিরাট কোহলির দল। চতুর্থ দিনের শেষ বেলায় নয় ওভারের জন্য ব্যাট করতে নামে সফরকারী দক্ষিণ আফ্রিকা। আর তাতেই নামে বিপদ।

মাত্র ১১ রান তুলেই একটি উইকেট হারিয়ে বসেছে তারা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডিন এলগার মাত্র দুই রান করেই ফিরেছেন সাজঘরে। পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য লাগবে ৯ উইকেট। আর দক্ষিণ আফ্রিকাকে করতে হবে আরো ৩৮৪ রান। ফলে, বলাইবাহুল্য যে এগিয়ে থেকেই সিরিজের প্রথম টেস্টের শেষ দিন শুরু করবে স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসের শুরুতে আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগারওয়াল মাত্র সাত রান করে ফিরে গেলেও অবিচল ছিলেন রোহিত। তিনি আগের চেয়ে এবার ছিলেন আরো বেশি মারমুখী। ১৪৯ বলে খেলা ১২৭ রানের ইনিংসে ছিল ১০টি চার ও সাতটি ছক্কা।

টেস্টের দুই ইনিংস মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ভারতীয় ব্যাটসম্যান এখন রোহিত শর্মা। এই টেস্টে তিনি দুই ইনিংসে মোট ১৩টি ছক্কার দেখা পেয়েছেন। এক্ষেত্রে তিনি ছাড়িয়ে গেছেন সাবেক ওপেনার নভজোত্ সিং সিধুকে। শ্রীলঙ্কার বিপক্ষে লখনৌতে আটটি ছক্কা হাঁকিয়ে এতদিন শীর্ষে ছিলেন সিধু।

রোহিতের পর বাকিরা ইনিংসটাকে আরো এগিয়ে নিয়ে যান। চেতেশ্বর পূজারা ৮১, রবিন্দ্র জাদেজা ৪০, বিরাট কোহলি ৩১ ও আজিঙ্কা রাহানে ২৭ রান করেন। সফরকারীদের হয়ে দুটি উইকেট নেন কেশব মহারাজ।

এর আগে চতুর্থ দিন সকালে অলআউট হওয়ার আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৩১ রান করে। তৃতীয় দিন শেষ হওয়ার আগে আট উইকেট হারিয়ে ৩৮৫ রান করতে পারে দলটি। চতুর্থ দিন সকালে শেষ দুটি উইকেটও নিয়েছেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি শেষ করেছেন সাত উইকেট নিয়ে।