আবারও এমবাপের চোট

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২০:৫৫

ইউরোপিয়ান

ফুটবল

স্পোর্টস ডেস্ক

চোট কাটিয়ে মাঠে ফেরার পর সপ্তাহ না ঘুরতেই আবারও চোট বাধিয়ে বসেছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপে। যার ফলে আসছে ইউরো বাছাই পর্বে তার খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

হ্যামস্ট্রিং সমস্যার কারণে এক মাস মাঠের বাইরে ছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। সেটা কাটিয়ে গেল সপ্তাহে মাঠে ফেরার পর দুটি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। যার শেষটিতে গ্যালাতাসারায়ের বিপক্ষে আবারও চোট পান এমবাপে।  গতকাল শনিবার রাতে ফরাসি লিগে অ্যাঙ্গারসের মুখোমুখি হয়েছিল পিএসজি, চোটের কারণে যে ম্যাচে ছিলেন না ফরাসি ফরোয়ার্ড।

তবে পিএসজি কোচ থমাস টুখেল জানিয়েছেন, পুরোনো জায়গায় চোট নয় এটি। তিনি বলেন, ‘এটা পুনরাবৃত্তি নয়। কিন্তু চোট আর স্নায়ুর মধ্যকার প্রতিক্রিয়া।’ টুখেলের মতে চোট থেকে সেরে ওঠতে মোটেও তাড়াহুড়ো করা চলবে না এমবাপের। সেটা হলে আসন্ন ইউরো বাছাইয়ে আইসল্যান্ড ও তুরস্কের বিপক্ষে খেলতে পারবেন না বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়টি। টুখেল বলেন, ‘আমার মনে হচ্ছে চোট থেকে সেরে ওঠতে সময় প্রয়োজন। কিলিয়ানকে নিয়ে এখনো দেশমের সঙ্গে আমার কথা হয়নি।’