চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২০:৫৫

কুল-বিএসজেএ মিডিয়া কাপ

ঢাকা ট্রিবিউন গতকাল শনিবার টাইব্রেকারে দৈনিক সমকালকে ৫-৪ গোলে হারিয়ে ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ’ ফুটবলের শিরোপা ধরে রেখেছে।

বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন ঢাকা ট্রিবিউনের মুন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মাসুদ আহমেদ রুমী পুরস্কারও পান তিনি। ৭ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান জাগো নিউজের মনিরুজ্জামান উজ্জ্বল। দীপ্ত টিভির আল মুসাব্বির সাদী পামেল ফেয়ার প্লে ট্রফি পেয়েছেন। 

চ্যাম্পিয়নরা ট্রফিসহ ৩০ হাজার ও রানার্স আপ দল পেয়েছে ১৫ হাজার টাকা। বিজয়ীদের পুরস্কার দেন বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে। এ সময় আরো উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজের ম্যানেজার মার্কেটিং ফজলে মাওলা রনি, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাকিবুল হাসান, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আরাফাত জোবায়ের ও বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতার পথিকৃত্ মোহাম্মদ কামরুজ্জামান।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) এর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে কাল দিনের শুরুতে ঢাকা ট্রিবিউন প্রথম সেমিফাইনালে ১-০ গোলে ডেইলি স্টারকে হারিয়ে ফাইনালে ওঠে। অপরদিকে টাইব্রেকারে চ্যানেল আইকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে ওঠে দৈনিক সমকাল। সেমিফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেন সাবেক জাতীয় ফুটবলার ও কোচ সাইফুল বারী টিটু, সাবেক জাতীয় ফুটবলার আবদুস সালাম, বিএসজেএ’র সাবেক সভাপতি ও দ্য ইন্ডিপেনডেন্টের ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল হক।—খবর বিজ্ঞপ্তির