চিতলমারীতে এক দিনে চার জনের বিষপান!

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২১:১৬

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

চিতলমারীতে গত ২৪ ঘণ্টায় চার জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়ে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পারিবারিক কলহ, প্রেমে ব্যর্থতা, পড়াশোনার চাপ ও হতাশাগ্রস্ত কৃষকরা দেনার দায়ে আত্মঘাতী এ পথ বেছে নিচ্ছেন।

গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ঘুরে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় বিষপান করে চার জন রোগী ভর্তি হয়েছে। সেখানে তাদের চিকিত্সা চলছে। এসব রোগীর মধ্যে উপজেলার গজালিয়া গ্রামের মিলন শিকদার ও তার স্ত্রী নিলা আক্তার, পাটরপাড়া গ্রামের মেঘলা আক্তার ও খলিশাখালী গ্রামের রবিন বিশ্বাস। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার মাহরুহ চৌধুরী জানান, প্রতিদিন কমপক্ষে একজন বিষ পান করা ও গলায় রশি দিয়ে আত্মহত্যার রোগী এখানে এনে ভর্তি করা হয়। এছাড়া বিভিন্ন ক্লিনিকে ও হাসপাতালে এসব রোগীকে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়।

চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয়, সামাজিক সচেতনতার অভাবসহ উপযুক্ত কর্মসংস্থানের অভাবে সমাজে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে সচেতন করে তোলার দায়িত্ব আমাদের সকলের। সবাই এগিয়ে এলে এ প্রবণতা কমিয়ে আনা সম্ভব।