চাটমোহরে আটক তিন তক্ষক বন বিভাগে হস্তান্তর

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২১:১৬

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

পাবনার চাটমোহর উপজেলার ধূলাউড়ি গ্রাম থেকে আটক ৩টি তক্ষক রাজশাহী বন বিভাগে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এফজি লালন উদ্দিন এবং উপজেলা বন কর্মকর্তা ফরেস্টার আব্দুল কুদ্দুসের কাছে তক্ষকগুলো হস্তান্তর করেন চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন।

এর আগে গত সোমবার দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি কুঠিপাড়া গ্রামের কোবাদ মুসল্লীর ছেলে সৈয়ব আলী মুসল্লীর বাড়ি থেকে একটি কাঠের বাক্সে রক্ষিত অবস্থায় তিনটি তক্ষক উদ্ধার করে পুলিশ। এ সময় বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত সৈয়ব। স্থানীয়রা জানান, সৈয়ব আলী দীর্ঘদিন ধরে সিলেট ও চট্টগ্রাম থেকে গোপনে তক্ষক এনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্রি করতেন।

ওসি সেখ নাসীর উদ্দিন জানান, তক্ষকগুলো উদ্ধারের পর শুক্রবার বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সৈয়ব আলীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা করা হয়েছে।