সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২১:১৭

পাঠ্যক্রম বহির্ভূত বই পড়ার পরামর্শ দিলেন ডেপুটি স্পিকার

গাইবান্ধা প্রতিনিধি পাঠ্যক্রম বহির্ভূত বই পড়ার পরামর্শ দিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেন, ‘নিজেকে আদর্শ মানুষ হিসাবে গড়তে। নিজের ভেতরে সুপ্তভাবে লুকিয়ে থাকা সব গুণকে জাগ্রত করতে বই পড়ার কোনো বিকল্প নেই।’ গতকাল শনিবার গাইবান্ধার রাধাকৃষ্ণপুরে ‘এসকেএস ইন’ এর মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ আয়োজিত সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সুবিধাবঞ্চিত ৩৮ জন কৃতী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে আশা’র এককালীন শিক্ষা বৃত্তির টাকা তুলে দেন।

কুষ্টিয়ায় দুইশ’ অস্বচ্ছল মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ মো. মজিবর রহমান। অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, শিক্ষাবৃত্তি ও সন্মাননা কমিটির আহ্বায়ক অটো রাইচ মিল মালিক ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। জেলার ব্যবসায়ীদের বৃহত্ প্রতিষ্ঠান চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের অর্থায়নে গত বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই শতাধিক অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেকসহ সম্মাননা স্মারক শিক্ষার্থীদের প্রদান করা হয়।

নোয়াখালীতে মাদক ইভটিজিং নারী নির্যাতন ও জঙ্গিবাদবিরোধী সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, নারী নির্যাতন ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে এ সভায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসানের এমপি একরামুল করিম চৌধুরী। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহানের সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার ও চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল।

 শিক্ষাপ্রতিষ্ঠানে বাইসাইকেল ও ক্রীড়াসামগ্রী বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা গতকাল শনিবার গলাচিপায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান; স্কুল, কলেজ ও মাদ্রাসায় ক্রীড়াসামগ্রী, ছাত্রীদের বাইসাইকেলসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নে হতদরিদ্রদের মধ্যে গবাদি পশু বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম শাহজাদা এমপি। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. সামছুর রহমান। বিশেষ অতিথি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক মেহেদী হাসান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে। এতে সভাপতিত্ব করেন ইউএনও শাহ্ মো. রফিকুল ইসলাম।

দিনাজপুর সদরে ১৬২টি পূজামণ্ডপে ৮১ টন চাল বিতরণ

দিনাজপুর অফিস গতকাল শনিবার দিনাজপুর সদর উপজেলা অডিটরিয়ামে শারদীয় দুর্গোত্সব সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের লক্ষ্যে সব কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও সরকারি অনুদানের (জিআর-চাল) বরাদ্দপত্র বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য ইকবালুর রহিম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট চিত্ত ঘোষ, কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত্ ঘোষ কাঞ্চন প্রমুখ। পরে সদর উপজেলার ১৬২টি মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে ৮১ টন চালের বরাদ্দপত্র বিতরণ করেন হুইপ ইকবালুর রহিম।

মাদারীপুর জেলা স্কাউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাদারীপুর প্রতিনিধি বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান গতকাল শনিবার মাদারীপুর জেলা স্কাউটের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জেলা সদরের নতুন শহর এলাকায় আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (প্রকল্প) মো. মহসীন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ স্কাউট নেতৃবৃন্দ।