আজকে আমাদের পরিবেশ কতোটা হুমকির মুখে তা সাধারণ মানুষের ধারণার বাইরে। দিনে দিনে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। আমাদের দেশেই আমরা প্রতিদিন শত শত টন বর্জ্য তৈরি করি। কিন্তু তার যথাযথ কোনো ব্যবস্থা না থাকায় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের সকল সিটি করপোরেশন, পৌরসভায় বর্জ্যের যে প্রসেসিং আছে সেটি যথেষ্ট নয়। এখনো সব জায়গায় ময়লা ফেলার নির্দিষ্ট ও স্বাস্থ্যসম্মত কোনো ব্যবস্থা নেই। আবার সবচেয়ে বড় বিষয়— অসচেতন জনগণ; আমরা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গার পরিবর্তে ড্রেনে ছুড়ে মারি। দেখা যায়, ড্রেনগুলো ভরাট হয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে বর্ষার মৌসুমে বিভিন্ন স্থানে কৃত্রিম জলাশয়ের সৃষ্টি হয় এই জলাবদ্ধতা নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রল করি। আমাদের শহরকেন্দ্রিক নদীর প্রায় সবগুলোই আবর্জনায় পরিপূর্ণ। এক্ষেত্রে শুধু সরকারি ব্যবস্থাপনাই নয়, জনগণের সচেতনতারও কোনো বিকল্প নেই। আসুন পরিবেশ বাঁচাই। পরিবেশ বাঁচলেই কেবল আমরা বাঁচব।
মো. দেলোয়ার হোসেন
শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ,
মাইকেল মধুসূদন দত্ত কলেজ, যশোর
